ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কেন্দ্রীয়
সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ওই সিদ্ধান্ত 'অসাংবিধানিক' নয় বলে আদালত রায় দিয়েছে।
সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া এবং সামনের বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আদালত আদেশ দিয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত অনুচ্ছেদ ৩৭০ বাতিল সংক্রান্ত মামলার রায় দান ছিল সোমবার।
সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির ওই সাংবিধানিক বেঞ্চ বলেছে, সংবিধানের ৩৭০ ধারা মেনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ‘অস্থায়ী’ ছিল। রাষ্ট্রপতি শাসনকালে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টিও নিয়ম বহির্ভূত নয়।
দ্রুত জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার সময়সীমাও বেঁধে দিয়েছে ভারতের শীর্ষ আদালত।
২০১৯ সালের ৫ই অগাস্ট ভারতের মুসলিম প্রধান জম্মু ও কাশ্মীর রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে নরেন্দ্র মোদী সরকার। ওই অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের নিজেদের সংবিধান ও আলাদা পতাকার অধিকার দেয়া হয়েছিল।
পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে একে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছিল।
এরপর সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিন লকডাউন করে রাখা হয়েছিল।
সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা হতাশা প্রকাশ করেছেন।

0 Comments