বিএনপি বিহীন ভোটে নৌকার ভয় কোথায়?






ক্ষমতাসীন দলের রেকর্ড সংখ্যক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে বহু আসনে নৌকার মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে স্বতন্ত্র আওয়ামী লীগ। বিএনপি ভোটে না আসায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাতে আওয়ামী লীগের এ কৌশল এখন দলের মনোনীত এবং জোটের প্রার্থীদের অনেকের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে বিরোধী দল বিএনপি যখন সরকার পতনের আন্দোলনে নানা কর্মসূচি দিচ্ছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এগুচ্ছে নির্বাচনের দিকে। বিরোধীদের আন্দোলন কিংবা নির্বাচন বর্জন কোনো কিছুই দৃশ্যত চাপে ফেলতে পারেনি সরকারকে। উল্টো মামলা, গ্রেপ্তারসহ নানামুখী চাপে বিপর্যস্ত বিএনপি। তাহলে নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন থেকে কী পেলো বিএনপি? নির্বাচন বর্জনের পর বিএনপির সামনে এখন পথ কী?